উড়াবো শান্তির পায়রা
========রফিকুল আলম
আদৌ দূর্বোধ্য নই আমি
তোমার ছবি আঁকি কেমব্রিকে নয়
আমার মনের ক্যানভাসে।
তোমার চোখের তারায় মেঘনার গভীরতা
নীল নদের নীলাভ রঙ ফুটে উঠে
ধনুকের মত ভ্রু ‍যেন কথা বলে
দারুণ রমণীয় সাজে।
তোমার দৃষ্টি চাতককেও হার মানায়
নিশাকর হারিয়ে যায়-----তবুও তুমি
রচনা করতে পারোনা ঘুমের বাসর।
হৃদয়ের সুপ্ত প্রেমের প্রচন্ড ঝড়ো ধাক্কায়
মুক হয়ে ভিজাও কোমল উপাধান
পালংকে বিছানো ফুলের বিছানায়।
আমার বুঝতে অসুবিধা হয়না
এতদিন যা ছিল তোমার প্রিয়
এখন তা অপ্রিয়
সরিয়ে দাও দারুণ অবহেলায় নড় কথায়।
প্রায়ই বাসি করো রাতের আহার
নিজেকে শুকাও রোদে পোড়া গাছের মত।
এমনি করে অভিমানে নিজেকে কষ্ট দিওনা আর
ভাগ করে নেবো আমি সঞ্চিত ব্যথা
মুছে দেবো সোহাগ পরশে দুচোখের ধারা
চুমায় চুমায় শুনবো জমানো কথা
অস্থির হয়ে যাবো শুনতে শুনতে
ছড়ায়ে ভালবাসার সুধা -----
আর
বিশ্বাসের নতুন বাসরে আমরা উড়াবো
শান্তির পায়রা সমুখের জীবনে।

Reviewed by রফিকুল আলম on 11:03 PM Rating: 5

No comments:

Powered by Blogger.