৪৭৪৫তম রাতে
=====রফিকুল আলম
শত কাজের ক্লান্তির পরও
প্রেয়সী আমার পরম যতনে
চার হাজার সাতশত পঁয়তাল্লিশতম রজনীকে
সাজিয়েছে সেঁজুতি জ্বেলে সেঁওতি দিয়ে।
রজনীগন্ধার গুচ্ছ হাতে বসে আছে
অন্তহীন প্রতীক্ষায় বাসর রচনা করে
সম্প্রতীকালের উঠা বিধুর বিদায়ী
চেহারার মত নিষ্প্রভ আননে।

অথচ আমি ফেরী করে বেড়াচ্ছি খাদ্য
ক্ষুধার বিরুদ্ধে পথে পথে।
আর ডানা ভাঙা বন্দী পাখীর মত
যন্ত্রণায় ছটফট করছি। ব্যর্থতায়
শুকিয়ে গেল শুভেচ্ছার টিউবরোজের গুচ্ছ।
ওকি বুঝবে এ যন্ত্রণা নয় শুধু মুখের!
এ যন্ত্রণা হৃদয়ের
মাধবকুন্ডের শিলাখন্ড বুকের উপর রেখে
খোয়া ভাঙার মত কষ্টের
পাঁজর ভাঙার মত আনন্দের!
ব্যথিত হইও না প্রিয়ে
যার চঞ্চুর পরশে খুলেছে প্রেমের সংলাপ
সেই উপমাহীন শরণ ফেলে ছন্নছাড়া
আমি অনিকেত আর কোথা যাবো।
জানি আমার বিরহে তুমি বিরহকাতর
স্বজনদের শাণিত কথায় আহত
তবুও তুমি অহংকারী বিজয়ীনি
আমি তোমার প্রেমে অন্ধ
কৃত ঋণ শোধে দৃঢ় প্রতিজ্ঞ।
সমুখের জীবনে তুমি
আমারই আশীর্বাদে সাজাবে এমনি করে
হাজারো বাসর রজনী।

Reviewed by রফিকুল আলম on 7:20 AM Rating: 5

No comments:

Powered by Blogger.