মুক্তিহীন স্বাধীনতা
একাত্তরের এপ্রিলের মাঝামাঝি
অমাবস্যার নিকষ অন্ধকার
আকাশ ভরা প্রলয়ঙ্করী বজ্রগর্ভ মেঘ
নিশিছিদ্র থমথমে পরিবেশ
নিতান্তই নিঃসঙ্গ একাকী আমি।
স্বাধীনতার ডাক এসেছে
এরই মাঝে হাজার হাজার প্রাণ
সংহার করেছে ওরা,
কাটাচ্ছি গভীর উৎকণ্ঠায়
কখন এসে যায় আমাদের জনপদে
পাতাবাহার পরিহিত নিষ্ঠুর বর্বর
বুলেট বেয়োনেট উপহার হাতে।
শুরু হলো এলোপাথাড়ি বজ্র বৃষ্টি ঝড়
তছনছ করে গেল ধর্ষন করে প্রকৃতি।
ভোর হতেই শুনি সেই অনাকাঙ্খিত শব্দ
থেমে গেল কত শত শত স্পন্দন।
দেখলাম একাত্তর একাশি একানব্বই
স্বাধীনতা পেলাম বুঝিনি কিছুই
মনে হয়েছে আমার অভিজ্ঞতার
সেই কালো রাত্রি থমথমে পরিবেশ
নিতান্তই নিঃসঙ্গ একাকী আমি।
ভাঙলাম একাশির সিঁড়ি গুলি
দেখলাম কাগজে কলমের ঘঁষাঘঁষি
কথামালার স্বাধীনতা
আমার মনে হয়েছে নিদারুণ স্বেচ্ছাচারিতা
সেই আভিজ্ঞতার কালো রাত্রি, থমথমে পরিবেশ
নিতান্তই নিঃসঙ্গ একাকী আমি।
একানব্বই এর সিঁড়ি ভাঙছি
দেখছি ডিসি-টেন এ ভিক্ষুক উড়ে্ ধনীদের দ্বারে
আসে কিছু ভিক্ষায়, কিছু শতকরা হারে
শুরু হয় পত্তন আর দ্বার উন্মোচন
এ নাকি স্বাধীনতার ফসল উৎপাদন!
লুব্ধকের প্রত্যাশায় থেকে থেকে আমি ক্লান্ত
ছিয়ানব্বই এর এপ্রিলে এসেও আমি ভয়ার্ত
দিবানিশি কাটায় আমি উৎকণ্ঠায়
থমথমে পরিবেশ একাকী নিঃসঙ্গতায়
মুক্তিহীন স্বাধীনতায়।
মুক্তিহীন স্বাধীনতা
Reviewed by রফিকুল আলম
on
6:01 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
6:01 PM
Rating:


No comments: