
কলকাতা-গেদে লোকাল প্যাসেন্জার ট্রেন
উঠে বসেছি ফিরতে আপন দেশে
হঠাৎ একটি মেয়ে এসে
বললো দাদা একটু সরে বসোতো ।
অবিন্যস্ত কেশরাজি
সিঁথিতে টকটকে লাল সিঁদুর
দেখে মনে হলো
যৌবনের সবগুলি সিঁড়ি প্রায় ভেঙেছে
চোখ দুটি মায়াবি হলেও
দেখে মনে হচ্ছিল লাল করমচা।
জিজ্ঞেস করলাম ---- ওগো মেয়ে
নামবে কোথায়?
বললো নামবো আমি আড়ংঘাটায়।
ওগো মেয়ে তোমার বাড়ী কোথায়?
আদি নিবাস সাতক্ষীরায়
বছর তিরিশ হলো এসেছি হেতায়।
কথায় কথায় অনেক কথা হলো
বুঝলাম তার জীবন নরক সম
বেঁচে থাকার জন্য জীবন যুদ্ধ
এসেছে এদেশে ভালবাসার হাত ধরে
অবশ্য ভাল দুটি ফল পেয়েছে ঘরে।
কিন্তু জীবন তরীর নাবিক
অকর্মন্য মাতাল সর্দার একজন।
দেখলাম ভিজে গেছে দুচোখের পাতা
বললো শেষে ভুল করেছি এসে
অনেক করেছি ত্যাগ পাইনি কিছুই
পেয়েছি মাঝে মাঝে শারিরীক আঘাত।
এখন জীবন যুদ্ধে পরাজিত আমি।
নামবো দাদা সামনে আড়ংঘাটা।
বললাম ওগো মেয়ে
নামটিতো হলোনা জানা
নামতে নামতে বললো অপরাজিতা!
-----রফিকুল আলম
অপরাজিতা
Reviewed by রফিকুল আলম
on
11:16 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
11:16 PM
Rating:

No comments: